নকলা প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার ৭নং টালকী ইউনিয়নে পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী টালকী ইউনিয়ন শাখার উদ্যোগে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ৩টায় সাইলামপুর ফকিরবাড়ী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা, সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ মোসাদ্দেক হোসেনের পৃষ্ঠপোষকতায় এবং তুরস্কভিত্তিক একটি দাতা প্রতিষ্ঠানের অর্থায়নে কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টালকী ইউনিয়ন জামায়াতের সভাপতি রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা থানা জামায়াতের প্রকাশনা ও সাহিত্য সম্পাদক মাওলানা হুমায়ূন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের সভাপতি ও পল্লী চিকিৎসক সাইফ সিদ্দিকী সৌরভ, ৬নং ওয়ার্ডের সভাপতি মাওলানা আহমদসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচির আওতায় মোট ৭৫টি পরিবারের মাঝে ৮ ধরনের খাদ্যসামগ্রী সম্বলিত ফুডপ্যাক বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, ছোলা, মুড়ি, খেজুর, চিনি ও লবণ। আয়োজকরা জানান, রমজানের তাৎপর্য ও মানবিক চেতনাকে সামনে রেখে এলাকার অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণের কল্যাণে কাজ করাই সংগঠনের মূল লক্ষ্য। টালকী ইউনিয়ন শাখা সেই ধারাবাহিকতায় মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহযোগিতা নিয়মিতভাবে চালু রাখার আহ্বান জানান।
0 coment rios: