Wednesday, May 20, 2026

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নকলায় মানববন্ধন

রাইসুল ইসলাম রিফাত,  স্টাফ রিপোর্টার:

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ডাঃ নাসির ও এক স্বাস্থ্যকর্মীর ওপর হামলার প্রতিবাদে শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২০ মে বুধবার দুপুরে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে আয়োজিত এ মানববন্ধনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা। এসময় বক্তব্য রাখেন গাইনি বিশেষজ্ঞ ডাঃ উম্মে রাকিবা জাহান মিতু, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ নাঈমা ইসলাম পিংকি, মেডিকেল অফিসার ডাঃ সাগর সাহাসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।

বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দিনরাত মানুষের জীবন রক্ষায় কাজ করে যাচ্ছেন। অথচ বিভিন্ন সময় তাদের ওপর হামলা, হুমকি ও অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা বলেন, হাসপাতাল ও চিকিৎসাসেবা কেন্দ্রগুলো নিরাপদ না হলে স্বাস্থ্যসেবার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে।

তারা আরও বলেন, শরীয়তপুর সদর হাসপাতালে সংঘটিত হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 একইসঙ্গে দেশের সকল হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদারের দাবি জানান বক্তারা।


মানববন্ধনে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এসএসিএমও, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: